স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট হয়েছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুরে এই ঘটনা ঘটে।
জানাগেছে, রাত ১ টার দিকে ওই গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে ১৫/২০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এসময় বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক লোকজনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে আসলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। আব্দুল মালেকের চিৎকারে তার ছেলে মোঃ রোমান বাবাকে বাচাতে আসলে ডাকাতরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে বাড়ির গৃহিনী ফারজানা আক্তার দরজা খুলে উঠানে ডাকাতের উপস্থিতি দেখে তার শাশুরি ও দুই সন্তানকে নিয়ে নীচ তলার একটি কক্ষে আশ্রয় নেয়। এরই মধ্যে ডাকাতরা কেয়ারটেকার ও তার ছেলের হাত-পা বেধে জিম্মি করে বিল্ডিংয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বেশ কয়েকটি কক্ষের তালা ও আলমারি ভেঙ্গে তছনছ করে। পরে শাশুরি সাহাতন নেছার রুম থেকে প্রায় ৩ ভড়ি ওজনের স্বর্ণালংকার ও নগদ প্রায় ১ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। রাতেই শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মিল্টন দত্ত বলেন, এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছিলো। বিষয়টি নিয়ে কাজ চলছে।
